চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক তিন প্রধান প্রকৌশলীকে পদাবনতি করে নির্বাহী প্রকৌশলী পদে ফেরত পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের কোনো নির্দিষ্ট দায়িত্ব না দিয়ে একাধিক বিভাগের (ডিভিশন) ‘তদারককারী প্রকৌশলী’ হিসেবে কাজ করতে বলা হয়েছে। গত রোববার থেকে তাঁদের এসব দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সিটি করপোরেশনে এ ধরনের পদ নেই।তিনজন প্রকৌশলী হলেন মো. মোখতার আলম, নিজাম উদ্দিন চৌধুরী ও মো. আবুল হাসনাত। তাঁদের মূল পদ নির্বাহী প্রকৌশলী হলেও গত সাত বছরে তাঁরা পালা করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী অনিয়মের অভিযোগে নিজাম উদ্দিনকে প্রায় এক বছর আগে প্রধান প্রকৌশলীর দায়িত্ব থেকে সরিয়ে দেন। এরপর দায়িত্ব দেন মোখতারকে। এক মাস পর তাঁকেও সরিয়ে দেন। এরপর গত বৃহস্পতিবার পর্যন্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হাসনাত।চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুর-ই-ইলাহী প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের জনবলকাঠামো অনুযায়ী নির্বাহী প্রকৌশলীর পদ পাঁচটি। কিন্তু বর্তমানে এখানে নির্বাহী প্রকৌশলী আছেন ১২ জন। আবার দায়িত্বের বাইরে থাকা মোখতার ও নিজাম সিটি করপোরেশনে ফিরতে চেষ্টা-তদবির করেছেন। তাই তাঁদের করপোরেশনে একটি পদ দেওয়া হয়েছে।প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বর্তমান প্রধান প্রকৌশলী আবুল হাসনাতের চেয়ে চাকরিতে জ্যেষ্ঠ হচ্ছেন মোখতার ও নিজাম। আবার মোখতার কিংবা নিজামকে প্রধান প্রকৌশলী হিসেবে অন্যরা মেনে নিতে নারাজ। কারণ তাঁদের বিরুদ্ধে অতীতে বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে। ফলে বাধ্য হয়ে আমরা তাঁদের তদারককারী হিসেবে দায়িত্ব দিয়েছি। চাকরি শেষ না হওয়া পর্যন্ত তাঁরা এ পদেই থাকবেন।’ তিনি বলেন, ‘আমরা সেনাবাহিনীর প্রকৌশল কোর থেকে একজনকে প্রেষণে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে আনার চিন্তা করছি।’সাবেক প্রধান প্রকৌশলী মোখতার প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন করপোরেশনে কোনো দায়িত্বে ছিলাম না। এখন অন্তত একটি চেয়ার পেলাম। আমি পদে জ্যেষ্ঠ হওয়ায় প্রধান প্রকৌশলী হিসেবে আমার দাবিও সবার আগে। এখন বিষয়টি নিয়ে কথা বলার অন্তত একটি সুযোগ পেলাম।’ আরেক সাবেক প্রধান প্রকৌশলী নিজাম বলেন, ‘এটা নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। দেখা যাক কী হয়।’জানা গেছে, তিন সাবেক প্রধান প্রকৌশলীর মধ্যে নিজাম ও আবুল হাসনাতের নিজস্ব কার্যালয় থাকলেও মোখতারের কোনো কক্ষ নেই। গত বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার পর রোববার তিনি প্রধান রাজস্ব কর্মকর্তার কার্যালয়ে বসেন এবং সেটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য রাজস্ব বিভাগের কর্মচারীদের নির্দেশ দেন।