সাবেক দুই আইজিপি ও খালেদার ভাগনের আত্মপক্ষ সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা, শহুদুল হক এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলামসহ (ডিউক) চার আসামি আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপন করেছেন।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন গতকাল সোমবার এই চারজনের বক্তব্য গ্রহণ করেন। অপর আসামি হলেন বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান।

সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলার বিচারকাজ চলছে। গতকাল আদালতে এই চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান এবং সাফাই সাক্ষী দেবেন না বলে জানান। তাঁরা লিখিত বক্তব্য আদালতে জমা দেবেন বলেও জানান।

এ নিয়ে কারাগারে আটক ২৩ ও জামিনে থাকা ৮ আসামির মধ্যে ২৭ জন আত্মপক্ষ সমর্থন করলেন। আজ মঙ্গলবার বাকি ৪ আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। তাঁরা হলেন পুলিশের সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরী এবং জোট সরকারের আমলে মামলার তিন তদন্তকারী কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, এএসপি মুন্সি আতিকুর রহমান ও এএসপি আবদুর রশিদ।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ ওই গ্রেনেড হামলায় দলটির মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের তিন শতাধিক নেতা-কর্মী আহত হন।

এই মামলার ৫২ জন আসামির মধ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ আসামি পলাতক আছেন। মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যা করায় হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুলের ফাঁসি হওয়ায় আসামির তালিকা থেকে তাঁদের বাদ দেওয়া হয়েছে।