জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য কাজী শহিদুল্লাহ ও মোফাখখারুল ইসলাম, সাবেক সহ-উপাচার্য তোফায়েল আহম্মদ চৌধুরী ও কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমদসহ ১৩ জনের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলা অধিকতর তদন্তে বিচারিক আদালত যে আদেশ দিয়েছিলেন, তা বহাল রেখেছেন হাইকোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ-সংক্রান্ত রুল খারিজ করে রায় দেন।
ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ওই দুই উপাচার্য, সহ-উপাচার্যসহ ১৩ আসামির বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে করা মামলা অধিকতর তদন্তে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী রেহান হোসেন।
আদালতে মামলাটির বাদী মো. হাফিজুর রহমানের (প্রভাষক, শিক্ষা) পক্ষে শুনানি করেন আইনজীবী রেহান হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী আসমা আক্তার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। দুই উপাচার্যসহ চার আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ এস এম আবদুল মোবিন।
আইনজীবী রেহান হোসেন প্রথম আলোকে বলেন, ওই মামলায় আসামিদের বিরুদ্ধে অধিকতর তদন্তের জন্য বিচারিক আদালত যে আদেশ দিয়েছিলেন, তাতে ইতিপূর্বে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। তিনি বলেন, ২০০১ সালে ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে প্রায় ১ হাজার ২০০ জনকে নিয়োগ দেয়। ওই গণনিয়োগ চ্যালেঞ্জ করে তখন হাইকোর্টে রিট করা হলে তা বাতিল হয়। পরে ভুয়া নিয়োগপ্রক্রিয়া ও জালিয়াতির এক মামলায় সাতজনের সাজা হয়। তবে তাঁদের চাকরি থেকে বরখাস্ত না করে পারস্পরিক যোগসাজশে বেতন-ভাতা প্রদানসহ ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলাটি করা হয়।
আইনজীবী সূত্র বলেছে, ২০১২ সালের ৭ জুলাই জয়দেবপুর থানায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমান ১৩ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। যেখানে ইতিপূর্বে হওয়া এক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বেআইনিভাবে বেতন-ভাতা প্রদান ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। এজাহারে ঘটনার সময়কাল ২০০৮ সালের ১৫ অক্টোবর থেকে ২০১১ সালের ১৮ আগস্ট উল্লেখ করা হয়। তফসিলভুক্ত অপরাধ হওয়ায় তদন্ত করে ২০১৩ সালের ১৪ নভেম্বর দুদক চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে ১৩ জনকে অভিযোগ থেকে বাদ দেওয়া হয়। এর বিরুদ্ধে গাজীপুরের আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী হাফিজুর রহমান। শুনানি গত বছরের ১৭ ফেব্রুয়ারি গাজীপুরের বিশেষ জজ আদালত ওই আবেদন গ্রহণ করে দুদককে পুনরায় তদন্তের আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন কাজী শহিদুল্লাহ, মোফাখখারুল ইসলাম, তোফায়েল আহম্মদ চৌধুরী ও কাজী ফারুক আহমদ। প্রাথমিক শুনানি নিয়ে গত ৮ জুন হাইকোর্ট রুলসহ স্থগিতাদেশ দেন। রুলের ওপর শুনানি শেষে আজ রায় হলো।