সাবেক দুই এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডে জনবল নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক ঋত্বিক সাহা গতকাল সোমবার চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এ মামলা করেন।

যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা হলেন: কর্ণফুলী গ্যাসফিল্ড কোম্পানির সাবেক দুই এমডি সানোয়ার হোসেন ও জামিল আহমেদ আলীম, প্রতিষ্ঠানটির সাবেক সচিব ও বর্তমানে উপমহাব্যবস্থাপক আমির হামজা, সাবেক ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন ও বর্তমান মহাব্যবস্থাপক (প্রশাসন) চৌধুরী আহসান হাবীব।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলা হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

দুদকের সূত্র জানায়, তাদের অনুসন্ধানে উঠে এসেছে, ওই কোম্পানির জনবল নিয়োগের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের অনুমতি নেওয়া হয়নি। কোম্পানির মহাব্যবস্থাপকের নেতৃত্বে কমিটির নিয়োগসংক্রান্ত সভায় তিনটি শ্রেণিতে ৩১টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হয় ১৪৩ জনকে। নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা, মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা এবং নারী কোটা যথাযথভাবে মানা হয়নি।

সূত্র আরও জানায়, ২০১৪ সালের শুরুর দিকে পেট্রোবাংলার তৎকালীন চেয়ারম্যান হোসেন মনসুরের এবং পেট্রোবাংলার ১৩টি প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় দুদকের উপপরিচালক মো. আহসান আলীকে। এর কিছুদিন পর সহকারী পরিচালক শেখ আবদুস সালামকে দায়িত্ব দেয় কমিশন। অনুসন্ধান শেষে ১১ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন দেন আবদুস সালাম। কমিশন প্রতিবেদনটি আমলে না নিয়ে নতুনভাবে অনুসন্ধানের জন্য উপপরিচালক ঋত্বিক সাহা ও সহকারী পরিচালক আল-আমিনকে দায়িত্ব দেয়।