সাবেক দুই ওসিসহ ছয়জনকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে র‍্যাব–১১–এর কার্যালয়ের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন ।  ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে র‍্যাব–১১–এর কার্যালয়ের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন । ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি গতকাল সোমবার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার সাবেক ওসিসহ পুলিশের ছয়জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে৷ তদন্ত কমিটির কাছে গতকালও কয়েকজন সাক্ষ্য দেন৷
এদিকে খুনিদের বিচারের দাবিতে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গতকাল সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১-এর প্রধান দপ্তরের সামনে মানববন্ধন করেছে জেলা মহিলা পরিষদ৷
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলীর নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি জেলা সার্কিট হাউসে বেলা তিনটার দিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। গতকাল পুলিশের যে ছয়জন কর্মকর্তাকে কমিটি জিজ্ঞাসাবাদ করে তাঁরা হলেন: ফতুল্লা মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন, সাবেক পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক (এসআই) ফজলুল হক ও জহিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার সাবেক ওসি আবদুল মতিন ও জেলা ডিবির সাবেক পরিদর্শক (তদন্ত) আবদুল আউয়াল৷ সাত খুনের ঘটনার পর তাঁদের প্রত্যাহার করা হয়৷
গত রোববার তদন্ত কমিটি সচিবালয়ে নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল ও সাবেক পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে৷
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লা থানার আওতাধীন এলাকা থেকে গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন৷ বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল তাঁদের মধ্যে ছয়জনের এবং পরদিন একজনের লাশ উদ্ধার করা হয়৷ নজরুলের পরিবারের অভিযোগ, সিটি করপোরেশনের আরেক কাউন্সিলর নূর হোসেন টাকার বিনিময়ে র্যাব দিয়ে তাঁদের তুলে নিয়ে গেছে৷ এ বিষয়ে তাঁরা ফতুল্লা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে অযথা কালক্ষেপণ করে৷ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ৷
র‌্যাব-১১-এর দপ্তরের সামনে মানববন্ধন: এদিকে সাত খুনের প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সিদ্ধিরগঞ্জে র্যাব-১১-এর প্রধান দপ্তরের সামনে মানববন্ধন করেছে জেলা মহিলা পরিষদ৷ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই মানববন্ধনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন৷
মহিলা পরিষদের জেলা কমিটির সভাপতি লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কৃষ্ণা ঘোষ, আইনজীবী হাসিনা পারভীন, রহিমা খাতুন, সাহানারা বেগম, মনোয়ারা বেগম, নীলিমা বেগম, শাহনাজ আক্তার প্রমুখ৷