প্রাইম ব্যাংক লিমিটেড খুলনা শাখার সাবেক ব্যবস্থাপক সৈয়দ জহিরুল হক ও বৈদেশিক বিনিময় (ফরেন এক্সচেঞ্জ) শাখার দায়িত্বপ্রাপ্ত কাজী রবিউল ইসলাম এবং দুই ব্যবসায়ীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় তাঁদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশের মাধ্যমে মোট চার কোটি ৯২ লাখ পাঁচ হাজার ৩৮৬ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। গত রোববার দুপুরে দুদকের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দুটি করেন।ব্যাংকের সাবেক ওই দুই কর্মকর্তা উভয় মামলার আসামি। এর মধ্যে একটি মামলায় আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মিং হুয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও মেসার্স সাজেদা ওহাব অ্যান্ড সন্সের মালিক শেখ আবু রাশেদ এবং এসআর এন্টারপ্রাইজের মালিক শেখ আবদুর রহমান অপর মামলায় আসামি। ব্যাংকে জমা দেওয়া কাগজপত্র অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠান তিনটি খুলনা শহরের খান এ সবুর সড়কে অবস্থিত।মামলার বাদী আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রথম ঘটনায় খাদ্যপণ্য আমদানির জন্য লেটার অব ক্রেডিট (এলসি) খুলতে মেসার্স সাজেদা ওহাব অ্যান্ড সন্স ২০০৫ সালের ১৬ নভেম্বর ওই ব্যাংক থেকে ৪১ লাখ ১৭ হাজার ৯০৮ টাকা তোলে। একই দিনে মেসার্স মিং হুয়া ট্রেড ইন্টারন্যাশনালের নামে খাদ্যপণ্য আমদানির জন্য এলসি খুলতে দুই কোটি ৭৫ লাখ ৪১ হাজার ৯৪৭ টাকা তোলা হয়। এর বিপরীতে নিরাপত্তা জামানত হিসেবে ব্যাংকের কাছে প্রতিষ্ঠান দুটির ৯৪ হাজার ২৯৫ টাকা জমা ছিল। কিন্তু পরবর্তী সময়ে পণ্য আমদানি ও বিক্রি শেষে প্রতিষ্ঠান দুটি ব্যাংকের কোনো টাকা শোধ না করে মোট তিন কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৬০ টাকা আত্মসাৎ করে। অপর একটি ঘটনায় প্রাইম ব্যাংক খুলনা শাখা থেকে ২০০৫ সালের ৩১ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সময়ে খাদ্যপণ্য আমদানির নামে ১০টি এলসির মাধ্যমে এক কোটি ৭৬ লাখ ৩৯ হাজার ৮২৬ টাকা তোলে এসআর এন্টারপ্রাইজ। পণ্য আমদানি ও বিক্রি শেষে প্রতিষ্ঠানটি ব্যাংকের টাকা পরিশোধ না করে উধাও হয়ে যায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ২০০৬ সালে ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে। তাঁরা এখন পলাতক।