কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক দুই ছাত্রনেতা। ফলে এখানে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটাররা মনে করছেন। তবে বিএনপির প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নেওয়া দুজন হলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক বিতর্ক ও বহিঃক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম এবং বিএনপি-সমর্থিত প্রার্থী কুমিল্লা সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস মো. রেজাউল কাইয়ুম। এবারই প্রথম এ উপজেলায় দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। আগামী ৬ মার্চ ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি রাতে আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফ মারা যান। এরপর দীর্ঘ সময় ওই পদটি শূন্য ছিল। ওই পদ পূরণের জন্যই উপনির্বাচন হচ্ছে।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর, পাঁচথুবী, আমড়াতলী, কালীরবাজার, দুর্গাপুর উত্তর ও দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ভোটাররা এ নির্বাচনে ভোট দেবেন।
২০ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওই ছয় ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তাঁরা সুষ্ঠু নির্বাচন চান। আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কোন্দল থাকলে যেকোনো প্রার্থী নির্বাচনে পরাজিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগে ভেতরে ভেতরে দ্বন্দ্ব রয়েছে। ওই কোন্দল দূর করার জন্য দলের শীর্ষ নেতৃত্ব দফায় দফায় বৈঠক করে দিকনির্দেশনা দিয়েছেন।
২৫ ফেব্রুয়ারি দুর্গাপুর উত্তর ইউনিয়নের শাসনগাছা এলাকায় প্রচারণা চালান বিএনপির প্রার্থী মো. রেজাউল কাইয়ুম। তিনি বলেন, ‘মাঠের অবস্থা খুবই ভালো। ভোটাররা কেন্দ্রে যেতে পারলে এবং সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ জয়ী হবে। কালীরবাজার, আমড়াতলী ও পাঁচথুবী ইউনিয়নের কয়েকটি স্থানে আমার পোস্টার ছেঁড়া হয়েছে। পোস্টারে আগুন দেওয়া হয়েছে।’
অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী মো. আমিনুল ইসলাম ২৫ ফেব্রুয়ারি দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের বলরামপুর এলাকায় গণসংযোগ করেন। তিনি দাবি করেন, ‘নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। যেখানে যাই, সেখানেই সাড়া পাচ্ছি। গত এক বছর ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও এর আগে ভাইস চেয়ারম্যান থাকায় জনগণ আমাকে মূল্যায়ন করবে। এ ছাড়া সাবেক ছাত্রনেতা হিসেবেও ভোটাররা রায় দেবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন। তাঁদের কোনো প্রচারণাও চোখে পড়ছে না।’
উভয় প্রার্থীর হলফনামা ঘেঁটে দেখা গেছে, বিএনপির প্রার্থী মো. রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন আদালতে নয়টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলা বিচারাধীন এবং দুটি মামলা তদন্তাধীন রয়েছে। আওয়ামী লীগের প্রার্থী আমিনুল ইসলামের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। মো. আমিনুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা এমএসএস ও পেশায় আইনজীবী। বিএনপির প্রার্থী মো. রেজাউল কাইয়ুমের যোগ্যতা বিএ ও পেশায় ব্যবসায়ী।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সম্পাদক আলী আকবর বলেন, ‘দুই প্রার্থীর রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনা করে ভোটাররা রায় দেবেন। তবে আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’
আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাস বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছি। নতুন নির্বাচন কমিশন নিশ্চয়ই ভালো নির্বাচন উপহার দেবে।’
আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কাজী আবুল বাশার বলেন, দলের মধ্যে এক নেতা আরেক নেতাকে দেখতে না পারলেও ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।
আদর্শ সদর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ভোটার সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার ১৯৭ জন, নারী ৯৫ হাজার ১৫৫ জন।