সাবেক দুই ডিএমডি ও এক ডিজিএম গ্রেপ্তার, কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকে ঋণ জালিয়াতির মামলায় ব্যাংকটির সাবেক দুই উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বলেছে, ওই ঘটনায় জড়িত সবাইকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।
গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করা তিন কর্মকর্তা হলেন বরখাস্ত হওয়া দুই ডিএমডি ফজলুস সোবহান ও মো. সেলিম এবং উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শিপার আহমেদ। দুপুরে বেসিক ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে তাঁদের আটক করে দুদকে নেওয়া হয়। দুদকে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। দুদকের উপপরিচালক ঋত্বিক সাহা ও মোহাম্মদ ইব্রাহীম প্রতিটি মামলায় তাঁদের প্রত্যেককে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান। মুখ্য মহানগর হাকিম কায়সার-উল ইসলাম ১১ জানুয়ারি রিমান্ড আবেদনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন এবং এই তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর মোট ৫৬টি মামলা করে দুদক। গুলশান, পল্টন, মতিঝিল থানায় করা এসব মামলায় মোট দুই হাজার নয় কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার ১২০ আসামির মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৭ জন।
গ্রেপ্তার করা ডিএমডি ফজলুস সোবহান ৪৭টি, মো. সেলিম ৮টি এবং ব্যাংকটির গুলশান শাখার সাবেক শাখাপ্রধান ও ডিজিএম শিপার আহমেদ ২১টি মামলার আসামি। দুদক সূত্র বলেছে, আপাতত দুটি মামলায় এ তিনজনকে গ্রেপ্তার দেখানো হলেও পর্যায়ক্রমে অন্যান্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে।
দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তদন্ত পর্যায়ে মামলার তদন্ত কর্মকর্তা সত্য বের করার সুবিধার্থে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ক্ষমতা প্রয়োগ করতে পারেন। প্রয়োজনে যে কাউকে গ্রেপ্তার করতে পারেন, যেকোনো নথি জব্দ করতে পারেন। সেই ক্ষমতাবলে বেসিক ব্যাংক জালিয়াতির মামলায় এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করেছেন তদন্ত কর্মকর্তারা। এসব মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসা হবে।’