সাবেক দুই মেয়রের মধ্যেই জমবে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় শ বছরের প্রাচীন শেরপুর পৌরসভায় এবার মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী আগে মেয়র ছিলেন। এবার এই দুই সাবেক মেয়রের মধ্যেই নতুন করে লড়াই জমবে বলে আভাস দিয়েছেন ভোটাররা।
নির্বাচনী কার্যালয় সূত্র জানায়, এখানে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া ও বিএনপির প্রার্থী আবদুর রাজ্জাক। এ ছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মাহবুবুর রহমান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বর্তমান মেয়র হুমায়ুন কবির মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
ভোটাররা বলেন, আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত মেয়র ছিলেন। তাঁর সময়ে শহরের রাস্তাঘাট, পানি ও পয়োনিষ্কাশন-ব্যবস্থার উন্নতি হয়। তিনি শেরপুর শিল্প ও বণিক সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি ছিলেন। যোগ্য হিসেবে পৌরবাসীর কাছে তিনি জনপ্রিয়।
গোলাম মোহাম্মদ কিবরিয়া বলেন, নির্বাচিত হলে তিনি পৌরসভাকে বর্জ্যমুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চান। তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন করতে চান। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে চলমান পৌরসভার সড়ক, পানি ও পয়োনিষ্কাশন-ব্যবস্থার উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শতভাগ বাস্তবায়ন করতে চান।
ভোটাররা এ-ও বলেন, বিএনপির প্রার্থী আবদুর রাজ্জাক ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত মেয়র ছিলেন। তাঁর সময়ে এ পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয়। ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় তাঁর বিরুদ্ধে সদর থানা-পুলিশ ১৩টি মামলা করে। সমাজের তৃণমূল ও নিম্ন আয়ের মানুষের মধ্যে তাঁর জনপ্রিয়তা রয়েছে।
আবদুর রাজ্জাক গত শনিবার বলেন, নির্বাচিত হলে তিনি পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার চেষ্টা করবেন। পৌরসভার চলমান উন্নয়নকাজগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের মরদেহ পরিবহনের জন্য দুটি লাশবাহী ভ্যান কেনার পদক্ষেপ নেবেন।
পৌরবাসী বলেন, সাবেক দুই মেয়র এবার নির্বাচনের মাঠে। শহরের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে আওয়ামী লীগের এবং উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের একাংশ বিএনপির ভোটব্যাংক হিসেবে পরিচিত। শহরের মধ্যাঞ্চল অর্থাৎ কালীর বাজার, গোপালবাড়ী, নারায়ণপুর, সজবরখিলা, ঢাকলহাটি, শীতলপুর ও খরমপুর এলাকায় উভয় দলেরই প্রায় সমান সমর্থক রয়েছেন। অপর প্রার্থী মাহবুবুর রহমানের তেমন প্রচারণা নেই। তাই সাবেক এই দুই মেয়রের মধ্যে নতুন করে ‘সেয়ানে সেয়ানে’ লড়াই হবে।
গত সোমবার যোগাযোগের চেষ্টা করা হলে এনপিপির প্রার্থী মাহবুবুর রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর ভাই মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের গণসংযোগ চলছে। সব কেন্দ্রে এজেন্ট নিয়োগ দিয়েছি। একটি নির্বাচনী পরিচালনা কমিটিও মাঠে কাজ করছে।’
শহরের গোপালবাড়ী এলাকার ভোটার ও মুক্তিযোদ্ধা আবদুল খালেক বলেন, ‘আমরা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চাই।’
জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।