সাবেক দুই সাংসদসহ জামায়াতের ১৩ নেতা-কর্মী রিমান্ডে
রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে গ্রেপ্তার হওয়া দুই সাংসদসহ জামায়াতের ১৩ নেতা-কর্মীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান আজ মঙ্গলবার এ আদেশ দেন। একই সঙ্গে আদালত তাঁদের জামিনের আবেদন নাকচ করে দেন।
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এই ১৩ জনকে আদালতে হাজির করে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। এঁরা হলেন- জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-২ আসনের সাবেক সাংসদ মজিবুর রহমান, খুলনা-৫ আসনের সাবেক সাংসদ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, কাফরুল থানা জামায়াতের আমির তসলিম লস্কর, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, মনসুর রহমান, জাকির হোসাইন, আশরাফুল আলম ইকবাল, এ বি এম নুরুল্লাহ ওরফে মোহাম্মদ উল্লাহ, আবুল হাসেম, মোহাম্মদ সাব্বির ও মজিবুর রহমান ভুঁইয়া।
সাবেক সাংসদ মজিবুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতিও।
গতকাল তাঁদের গ্রেপ্তারের পর পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আজ আদালতে দেওয়া রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণের ব্যানারে শিল্প কারখানায় ঈদের আগে বেতন-ভাতা নিয়ে অসন্তোষ¯সৃষ্টির পরিকল্পনা করতে মিলিত হয়েছিলেন। তাঁদের কাছ থেকে রাষ্ট্রদ্রোহিতা মূলক বই, লোহার রড, লাঠি ও ২০টি বোমা উদ্ধার করা হয়েছে। আসামিদের মধ্যে একজন পোশাক শ্রমিক আছেন। আসামিদের মূল পরিকল্পনার বিষয় জানতে ও ওই পরিকল্পনায় আর কে কে আছে তা জানতে তাঁদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।