সাবেক দুই সাংসদসহ জামায়াতের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে গতকাল সোমবার জায়ামাতে ইসলামীর সাবেক দুই সাংসদসহ ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে সংবাদ সম্মেলন করে ডিবি দাবি করেছে, গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা-কর্মীরা তৈরি পোশাক কারখানাগুলোর কর্মীদের খেপিয়ে তুলে নাশকতার ষড়যন্ত্র করছিলেন। তাঁদের কাছ থেকে ২০টি বোমা উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া নেতারা হলেন জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-২ আসনের সাবেক সাংসদ মজিবুর রহমান, খুলনা-৫ আসনের সাবেক সাংসদ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, কাফরুল থানা জামায়াতের আমির তসলিম লস্কর, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, মনসুর রহমান, জাকির হোসাইন, আশরাফুল আলম ইকবাল, এ বি এম নুরুল্লাহ ওরফে মোহাম্মদ উল্লাহ, আবুল হাসেম, মোহাম্মদ সাব্বির ও মজিবুর রহমান ভুঁইয়া। সাবেক সাংসদ মজিবুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতিও। এই নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।
শ্রমিকদের খেপিয়ে তোলার ষড়যন্ত্র চলছিল বলে দাবি পুলিশের
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার (পশ্চিম) সাজ্জাদুর রহমান বলেন, পল্লবী থানাধীন মিরপুর ১০ নম্বর সড়কের ১১ নম্বর লাইনের একটি বাসার তৃতীয় তলায় থাকেন জামায়াত নেতা হারুন অর রশিদ। তাঁর বাসায় জামায়াত নেতা-কর্মীদের একটি গোপন বৈঠকের খবর পেয়ে গতকাল বেলা পৌনে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। ওই বাসা থেকে লম্বাকৃতির বোমা, লাঠি, পাইপ, চাঁদা আদায়ের রসিদসহ ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
ডিবি কর্মকর্তারা বলেন, কোরবানি ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ করা হবে না, পোশাকশ্রমিকদের এলাকায় এমন গুজব ছড়িয়ে তাঁদের খেপিয়ে তোলার ষড়যন্ত্র করছিলেন জামায়াতের নেতারা। শ্রমিক অসন্তোষ তৈরি হলে সেই অস্থিরতায় নাশকতার পরিকল্পনা ছিল তাঁদের।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক সাংসদ মজিবুর রহমান ৪৫টি, মিয়া গোলাম পরোয়ার ১২টি ও তসলিম লস্কর নয়টি পুরোনো নাশকতা মামলার আসামি। ২০১১ সালের ২৮ অক্টোবর মিরপুর থেকে মজিবুর রহমান গ্রেপ্তার হয়েছিলেন। এরপর চারবার জামিন পেয়ে আবার কারা ফটক থেকে গ্রেপ্তার হন তিনি। ২০১৩ সালের আগস্টে তিনি জামিনে মুক্তি পান।
এদিকে গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, সেখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক চলছিল। ঘরোয়া বৈঠক থেকে নেতা-কর্মীদের এভাবে গ্রেপ্তার করা চরম অন্যায়।