সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস গ্রেপ্তার
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) সৌমেন্দ লাল চন্দ শৈলেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে দুদকের উপপরিচালক এ কে এম মেসবাহ উদ্দিনের নেতৃত্বে একটি দল তাঁকে গ্রেপ্তার করে রাজধানীর রমনা থানায় সোপর্দ করে।
দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য প্রথম আলোকে জানান, শৈলেনকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহজাহান মিয়া বিগত মহাজোট সরকারের প্রতিমন্ত্রী থাকাকালে শৈলেন তাঁর এপিএস ছিলেন৷ ২ জুন শৈলেনের বিরুদ্ধে এক কোটি ১১ লাখ ৮৫ হাজার ৬৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় মামলা করে দুদক। এজাহারে বলা হয়েছে, চার বছর ১১ মাসে বৈধ উপায়ে অর্জিত অর্থ থেকে শৈলেনের সঞ্চয়ের পরিমাণ রয়েছে ছয় লাখ ৬০ হাজার ৪০৩ টাকা। কিন্তু আয়কর নথি ও ব্যাংক বিবরণীতে দেখা যায়, তিনি মোট এক কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৪২ টাকা অর্জন করেছেন। আয় ও সঞ্চয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ওই টাকার মধ্যে এক কোটি ১১ লাখ ৮৫ হাজার ৬৩৯ টাকা তিনি জ্ঞাত আয়বহির্ভূত উৎস থেকে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।
এ বিষয়ে চলতি বছরের ১৫ এপ্রিল শৈলেন ও তাঁর স্ত্রী শান্তা চন্দকে তলব করে দুদক।