সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর এপিএসকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার একান্ত সহকারী সচিব সৌমেন লাল চন্দকে তাঁর সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে আজ মঙ্গলবার সকালে সৌমেনকে জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক আহসান আলী।

অভিযোগ রয়েছে, সৌমেন লাল চন্দের নামে পটুয়াখালীর সদর রোডে ১০ কাঠা জমির ওপর চার তলা বাড়িসহ ১০০ কোটি টাকারও বেশি মূল্যমানের স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তাঁর দুই বোন প্রভা চন্দ ও নমিতা চন্দ এবং দুই ভাই রবিন চন্দ ও শচীন চন্দ ভারতে থাকেন। সেখানেও সৌমেন ও তাঁর স্ত্রী শান্তা চন্দের নিজ নামে বাড়ি ও ব্যবসা রয়েছে।

দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে সৌমেনের আয়কর নথি জব্দ করেছে দুদক। সৌমেন, তাঁর স্ত্রী শান্তা চন্দ, ছেলে অনুপ চন্দ ও মেয়ে সমৃতার নামে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধান চলাকালে বিভিন্ন এজেন্সিকে ঘুষের বিনিময়ে ধর্ম মন্ত্রণালয় থেকে হজ লাইসেন্স দেওয়ার সঙ্গে সৌমেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ছাড়া ভারতে অর্থ পাঠানোর মাধ্যমে সৌমেন ‘মানি-লন্ডারিং’ আইনে অপরাধ করেছেন বলেও প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পেয়েছে দুদকের তদন্ত দল।
দুদক সূত্র আরও জানায়, হজ লাইসেন্স-বাণিজ্যে সৌমেনের সঙ্গে মন্ত্রণালয়ের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাজশের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।