সাবেক ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর মৃত্যুবার্ষিকী পালিত
ধর্মবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী ১৩ জুন পালিত হয়েছে। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় জামে মসজিদে বাদ জোহর ও আসর দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া শেখ মো. আব্দুল্লাহর জন্মস্থান গোপালগঞ্জেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ গত বছরের ১৩ জুন রাত পৌনে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান।
শেখ মো. আব্দুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মতিউর রহমান ও মা রাবেয়া খাতুন। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি স্থানীয় গওহরডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করেন। এরপর একই মাদ্রাসার কওমি ধারায় পড়াশোনা করেন। তিনি সুলতানশাহী কেকানিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং সুলতানশাহী কেকানিয়া হাইস্কুল থেকে ১৯৬১ সালে ম্যাট্রিক পাস করেন।
তিনি খুলনার আযম খান কলেজ থেকে ১৯৬৩ সালে উচ্চমাধ্যমিক এবং ১৯৬৬ সালে বিকম (অনার্স) ডিগ্রি সম্পন্ন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে এমকম এবং ১৯৭৪ সালে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৭ সালে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।