ফল জালিয়াতির অভিযোগে দুর্নীতির দুই মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রকসহ তিন কর্মকর্তাকে ২৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২৪ হাজার টাকা করে জরিমানা করা হয়। তবে তাঁরা সাজা ভোগ করবেন তিন বছর করে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক জি এম এ লতিফ খান, উপপরীক্ষা নিয়ন্ত্রক কাজী হাবিবুর রহমান ও সেকশন অফিসার নাছির উদ্দিন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, ফল জালিয়াতির ঘটনায় দায়ের হওয়া মামলা দুটি দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দায়ের করে তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো। বিচারক প্রতিটি ধারায় তিন বছর করে কারাদণ্ড, তিন হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। সেই হিসাবে চারটি ধারায় এক মামলায় ১২ বছর করে কারাদণ্ড এবং ১২ হাজার টাকা করে জরিমানা হয়েছে। সে হিসাবে দুই মামলায় এই কারাদণ্ড জনপ্রতি ২৪ বছর এবং ২৪ হাজার টাকা। তবে আসামিদের বয়স বিবেচনা করে আদালত প্রতিটি ধারায় দেওয়া দণ্ড একসঙ্গে চলবে বলে উল্লেখ করেন। সেই হিসাবে, আসামিরা তিন বছর করে সাজা ভোগ করবেন।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯২-৯৩ সালে এলএলবি ও বিএ (পাস) পরীক্ষার ৪৮টি উত্তরপত্র ঘষামাজা করে অনুত্তীর্ণদের উত্তীর্ণ দেখান এই তিনজন। ’৯০ সালে বিএ (পাস) ও এলএলবি পরীক্ষার সাতজনকে উত্তীর্ণ দেখান ঘষামাজা করে। এ ঘটনায় তত্কালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিচালক নুরুল হুদা আজাদ বাদী হয়ে ১৯৯৭ সালের ৩০ নভেম্বর হাটহাজারী থানায় মামলা করেন। ২০০২ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দুটি মামলায় ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। গত ২৮ মে তিন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।