সাবেক পূর্ত প্রতিমন্ত্রী মান্নানের স্ত্রীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে রমনা থানায় মামলাটি (মামলা নং-৩৫) দায়ের করেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, সৈয়দা হাসিনা সুলতানা দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তাঁর মালিকানাধীন ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৯১২ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া ৩ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৬৪০ টাকা মূল্যের সম্পদের যৌক্তিক উৎস দেখাতে পারেননি। দুদকের অনুসন্ধানে প্রমাণ হয়েছে, তিনি মোট ৫ কোটি ৩২ লাখ ৭ হাজার ৫৫২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ কারণে দুদক আইনের ২৬(২) এবং ২৭(১) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

গত ৯ সেপ্টেম্বর হাসিনা সুলতানার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছিল কমিশন। এর আগে গত ২১ আগস্ট ৭৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল মান্নান খানের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদক।