সাবেক পোস্টমাস্টারের ১৮ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে করা পৃথক তিন মামলায় ইব্রাহীম খলিল দিদার নামের সাবেক পোস্টমাস্টারকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। ইব্রাহীম খলিল নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ডাকঘরের পোস্টমাস্টার ছিলেন।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, উত্তর কাট্টলী ডাকঘরের পোস্টমাস্টার থাকাকালে ইব্রাহীম খলিল ২০০৯-১০ অর্থবছরে গ্রাহক নীপা দত্ত, মিনা আক্তার ও রোকেয়া আক্তারের ৫ লাখ ৪ হাজার টাকা আত্মসাৎ করেন। তিনি গ্রাহকের কাছ থেকে টাকাগুলো জমা নিয়ে তাঁদের সঞ্চয়ী হিসাব নম্বরে জমা দেননি। এভাবে গ্রাহক ঝুমকা সিংহ, সোমা দে, শিমুল দে, আছিয়া আক্তার, পান্না লাল ও আবদুস সালামের ৬ লাখ ৭৪ হাজার টাকা এবং মিতা দত্ত, পেয়ারা বেগম, ভুপেন কান্তি দাশ, ইজাজুল করিমের ৯ লাখ ৪৮ হাজার টাকা আত্মসাৎ করেন। এই ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রামের উপসহকারী পরিচালক শহীদুল আলম সরকার বাদী হয়ে ইব্রাহীম খলিলকে আসামি করে ২০১২ সালের ৩১ ডিসেম্বর নগরের পাহাড়তলী থানায় পৃথক তিনটি মামলা করেন। দুদকের উপসহকারী পরিচালক আবুল বাশার তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
দুদকের আইনজীবী বলেন, আদালত প্রত্যেক মামলায় আসামিকে পৃথক দুটি ধারায় তিন বছর করে ছয় বছর কারাদণ্ড দেন। সেই হিসাবে তিন মামলায় আসামিকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।