একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এ আদেশ দেন।
সৈয়দ মো. কায়সারের বাড়ি হবিগঞ্জে। তিনি এইচ এম এরশাদের আমলে কৃষি প্রতিমন্ত্রী ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালে সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়ে বলেন, একাত্তরে কায়সার ‘কায়সার বাহিনী’ নামে একটি দল গঠন করেন। তিনি শান্তি কমিটির নেতা ছিলেন। তিনি ও তাঁর দল মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি দখলদার বাহিনীকে মুক্তিযুদ্ধবিরোধী কাজে সহায়তা করেন। তিনি হবিগঞ্জ, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, বৃহত্তর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গণহত্যা, হত্যা, লোকজনকে ধর্মান্তরিত করাসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ করেছেন। তাঁর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে অনেকে জবানবন্দি দিয়েছেন। কিন্তু কায়সার ও তাঁর পরিবার প্রভাবশালী হওয়ায় অনেক সাক্ষী সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন, আবার অনেককেই হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু তদন্ত বিঘ্নিত হচ্ছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার করা প্রয়োজন।
এ সময় ট্রাইব্যুনাল জানতে চান, কায়সার কোথায় থাকেন। জবাবে রানা দাশগুপ্ত বলেন, তিনি ঢাকা ও হবিগঞ্জ—দুই জায়গাতেই থাকেন।
পরে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশ দেন। আদেশে পুলিশ কর্তৃপক্ষের প্রতি যত দ্রুত সম্ভব কায়সারকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষকে এক মাসের মধ্যে কায়সারের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয়েছে। পরবর্তী আদেশের জন্য ১৭ জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
পরে রানা দাশগুপ্ত প্রথম আলোকে জানান, কায়সারের বাবা সৈয়দ সাঈদ উদ্দিন আহমেদ ১৯৬২ সালে সিলেট-৭ আসনে কনভেনশন মুসলিম লীগ থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। কায়সারের মামা হাজি রশিদ মঞ্জুর আলীও একই দল থেকে সে বছর কুমিল্লা-১ আসনে সাংসদ নির্বাচিত হন। পাকিস্তানি সেনাদের গুপ্তচর চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মুক্তিযুদ্ধের শুরুতে সাঈদ উদ্দিনকে মুক্তিযোদ্ধারা গ্রেপ্তার করে আগরতলায় নিয়ে আটকে রাখেন। তবে এক আত্মীয়ের অনুরোধে তিনি ছাড়া পেয়ে দেশে ফেরেন। এরপর তিনি ও তাঁর ছেলে মিলে স্বাধীনতাবিরোধী কাজ শুরু করেন। ওই সময় কায়সার বাহিনী গঠিত হয়। একাত্তরের ১৬ ডিসেম্বরের পর কায়সার বাংলাদেশ থেকে পালিয়ে লন্ডনে যান। পঁচাত্তরের রাজনৈতিক পট-পরিবর্তনের পর দেশে ফিরে ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চান। তা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে সিলেট-১৭ আসনে নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন এবং হবিগঞ্জ বিএনপির সভাপতি হন। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি ভেঙে গেলে তিনি শাহ আজিজুর রহমানের নেতৃত্বাধীন অংশের যুগ্ম মহাসচিব হন। এরশাদ ক্ষমতায় এলে তিনি হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হন এবং ১৯৮৬ ও ১৯৮৮ সালের সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হন। তিনি সংসদের হুইপ এবং পরে ১৯৮৯ সালে কৃষি প্রতিমন্ত্রী হন। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। বর্তমানে তিনি পিডিবির সঙ্গে যুক্ত আছেন।