২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা মামলায় ডিজিএফআইয়ের জঙ্গি দমনসংক্রান্ত ব্যুরোর সাবেক কর্মকর্তা মিজানুর রহমানকে গতকাল মঙ্গলবার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে জেরা করা হয়েছে। মাওলানা তাজউদ্দিনসহ সাত আসামির পক্ষে তাঁকে জেরা শেষ হয়েছে।
আদালত বাকি জেরার জন্য আগামী ৭, ৮ ও ৯ জুলাই দিন ধার্য করেছেন। গত সোমবার জঙ্গি নেতা মাওলানা আবদুল মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট, মাওলানা শেখ আবদুস সালাম, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা সাব্বির আহমেদ ও মাওলানা ইয়াহিয়ার পক্ষে মিজানুর রহমানকে জেরা করা হয়। এ ছাড়া হারিছ চৌধুরী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৫ জনের পক্ষে সাক্ষীকে জেরা করতে অস্বীকৃতি (ডিকলাইন) জানানো হয়। ৬ জুন মিজানুর রহমান আদালতে জবানবন্দি দেন।
মিজানুরকে গতকাল বাবরের পক্ষে আইনজীবী টি এম আকবর ও আবদুস সোবহান তরফদার জেরা করেন। বাবর সম্পর্কে যা বলেছেন, তা আপনার শোনা কথা—আইনজীবীর এ কথায় মিজানুর বলেন, এটা সত্য নয়।
বাবরকে ফাঁসাতে এই মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তার শেখানো মতে আপনি জবানবন্দি দিয়েছেন—আইনজীবীর এ কথায় মিজানুর রহমান বলেন, এটা সত্য নয়। মুফতি হান্নানকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করতে কোন আদালত আদেশ দেন? এ প্রশ্নে তিনি বলেন, এটা জানা নেই।
টিএফআই সেলে পুলিশসহ বিভিন্ন সংস্থার কতজন সদস্য ছিলেন? এ প্রশ্নে সাক্ষী বলেন, স্মরণ নেই। ব্রিগেডিয়ার জেনারেল আরিফ কত তারিখ থেকে সিটিআইবিএর প্রধান ছিলেন? আইনজীবীর এ প্রশ্নে তিনি বলেন, মনে নেই।
আইনজীবী প্রশ্ন করেন, এ মামলার ঘটনার বিষয় কি পত্রিকা পড়ে জানতে পেরেছেন? জবাবে মিজানুর বলেন, জানতে পেরেছেন।
সাক্ষীকে জেরা শেষ না হওয়ায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন।