সাবেক প্রতিমন্ত্রী মান্নান খানের জামিন বাতিল চেয়ে আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের জামিন বাতিলের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে দুদকের বিশেষ কৌঁসুলি কবির হোসেইন এই রিভিশন আবেদন করেন।
পরে মহানগর দায়রা জজ মো. জহুরুল হক আগামী ২৬ নভেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।
আবদুল মান্নান খান গত ২৪ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। গতকাল ওই জামিন আদেশ বাতিলের জন্য রিভিশন করে দুদক।
বিগত মহাজোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের বিরুদ্ধে দুদক ২১ আগস্ট রমনা থানায় এ মামলা করে। মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।