জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের জামিন স্থায়ী করার আবেদন নাকচ করেছেন আদালত। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন বৃদ্ধি করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম আতাউর রহমান এ আদেশ দেন।
এই দুর্নীতি মামলায় গত ২৪ আগস্ট আব্দুল মান্নান খানকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। গতকাল তাঁর পক্ষে জামিন স্থায়ী করার আবেদন করা হয়। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। শুনানি শেষে আদালত ওই আবেদন নাকচ করেন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ৯ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করেন আদালত।
এজাহারে বলা হয়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে আব্দুল মান্নান খান চার লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য দেন। তাঁর আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৫ লাখ চার হাজার ২৬২ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে গত ২১ আগস্ট দুদকের উপপরিচালক মো. নাছির হোসেন এ মামলা করেন।