সাবেক প্রতিমন্ত্রী মিলন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গাড়ি ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও তাঁর স্ত্রী নাজমুন নাহারের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আতাউর রহমান গতকাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০০৯ সালের ৬ মে চাঁদপুরের কচুয়া থানায় সাবেক প্রতিমন্ত্রী মিলন ও তাঁর স্ত্রীসহ ৩৮ জন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি করেন মো. কলিম উল্যা নামের এক ব্যক্তি। বাদীপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন জানান, আদালতের নির্দেশ সত্ত্বেও পর পর কয়েকটি তারিখে হাজিরা না দেওয়ায় গতকাল সাবেক প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
এহছানুল হকের আইনজীবী কামরুল ইসলাম বলেন, সাবেক প্রতিমন্ত্রী মিলন ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গেছেন। এ কারণে আদালতে উপস্থিত হতে পারেননি।
এহছানুল হকের বিরুদ্ধে চাঁদপুরে ৩৬টি মামলা রয়েছে।