সাবেক প্রতিমন্ত্রী মিলন জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনকে জেলহাজতে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের নেতা মহীউদ্দীন খান আলমগীরের গাড়িবহরে হামলার মামলায় গতকাল রোববার তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ বড়ুয়া জানান, ২০০৩ সালের ১৮ অক্টোবর কচুয়া উপজেলার সাচার বায়েক মোড়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহীউদ্দীন খান আলমগীরের গাড়িবহরে হামলা হয়। এ ঘটনার ছয় বছর পর ২০০৯ সালের ৬ মে কচুয়া থানায় মামলা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা কলিম উল্লাহ। মামলায় মিলন ও তাঁর স্ত্রীসহ ৩৮ জনকে আসামি করা হয়। গত ৩০ ডিসেম্বর এ মামলায় অভিযোগপত্র দেন কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম। এর আগে গত ১১ নভেম্বর মিলন হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন। একই মামলায় গত ২৬ জানুয়ারি মিলন ও তাঁর স্ত্রী নাজমুন নাহার চাঁদপুরের বিচারিক হাকিম আদালত থেকে জামিন নেন। তবে ৩ ফেব্রুয়ারি তাঁদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। কিন্তু ওই দিন মিলনের স্ত্রী আদালতে হাজির হলেও মিলন হাজির হননি। হাজির না হওয়ায় মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর পর গত ১১ মার্চ মিলন হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট তাঁকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।গতকাল চাঁদপুরের বিচারিক হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে হাজির হয়ে মিলন জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রাতে তাঁকে কুমিল্লা জেলে পাঠানো হয় বলে জানা গেছে।