সাবেক প্রতিমন্ত্রী মিলনের অস্থাবর সম্পত্তি জব্দ
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনের চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরের বাড়ির অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা সার্টিফিকেট কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে মিলনের বাড়ির অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, জব্দ করা ২৮টি আসবাবের মধ্যে ছয়টি চেয়ার, এক জোড়া সোফা ও একটি প্লাস্টিকের খাবার টেবিল থানায় আনা হয়েছে। বাকি সম্পত্তি গোহাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহানের জিম্মায় রাখা হয়েছে। এর আগে গত ১৪ জুলাই জেলা সার্টিফিকেট কর্মকর্তার নির্দেশে পুলিশ মিলনের বাড়ির অস্থাবর সম্পত্তি জব্দ করার পরোয়ানা নিয়ে গেলেও ঘর তালাবদ্ধ থাকায় অস্থাবর সম্পত্তি জব্দ করতে পারেনি।সাংসদ থাকাকালে অনিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন ভাতা গ্রহণ করায় এহছানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালতে গত ২২ মার্চ সার্টিফিকেট মামলা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের আইন কর্মকর্তা মো. ফজলে এলাহি ভূঁইয়া জেনারেল সার্টিফিকেট অফিসার চাঁদপুরের আদালতে এই মামলা করেন। মামলায় বলা হয়, বিদেশি নাগরিকত্ব থাকা সত্ত্বেও সপ্তম জাতীয় সংসদের সাংসদ আ ন ম এহছানুল হক মিলন সংবিধানের ৬৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদে ১৩৪ দিন আসন গ্রহণ করে প্রজাতন্ত্রের কাছ থেকে পারিতোষিক ও ভাতাসহ বিভিন্ন খাতে ১৪ লাখ ৪৮ হাজার ৪৩২ টাকা অনিয়মতান্ত্রিকভাবে গ্রহণ করেন। গত ২২ মার্চ দায়েরকৃত বাংলাদেশ সংসদ সচিবালয় সংশ্লিষ্ট সার্টিফিকেট মামলা মূলে মিলনের অস্থাবর সম্পত্তি জব্দ করে অবহিত করার জন্য জেলা সার্টিফিকেট অফিসার আদেশ দেন।মিলনের বিরুদ্ধে চাঁদপুরের কচুয়া থানা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোট ১৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১৩টি মামলায় তিনি জামিন পেয়েছেন।কচুয়া উপজেলার সাচার এলাকার কলিম উল্যার দায়ের মামলায় গত ১৪ মার্চ মিলনের জামিন নামঞ্জুর করে আদালত তাঁকে জেলহাজতে প্রেরণ করেন। এই মামলায় মিলনের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০৩ সালের ১৬ অক্টোবর কচুয়া উপজেলার সাচার বাজার এলাকায় মিলন ও তাঁর স্ত্রী নাজমুন নাহার বেবীসহ দলীয় ৩৮ জন নেতা-কর্মী আওয়ামী লীগের মহীউদ্দীন খান আলমগীরের গাড়িবহরে হামলা চালান।