সাবেক প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন চাঁদপুরের একটি আদালত। মুখ্য বিচারিক হাকিম শায়লা শারমিনের আদালত গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
২০১০ সালে চাঁদপুরের কচুয়া উপজেলার আমুজান এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের কর্মী পলাশ মিয়া বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় ২৭ জানুয়ারি আদালতে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামি উপস্থিত না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
এহছানুলের আইনজীবী কামরুল ইসলাম বলেন, বিএনপির এই নেতার বিরুদ্ধে বর্তমানে চাঁদপুর ও কচুয়া আদালতে ৩৬টি মামলা বিচারাধীন। মিলন ওমরাহ পালন করতে গত ২২ ডিসেম্বর সৌদি আরব গেছেন।
কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার করা গাড়ি ভাঙচুর ও ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের মামলায় এহছানুল হক ২০১০ সালের ১৪ মার্চ গ্রেপ্তার হন। তিনি ২০১১ সালের জুনে কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।