সাবেক প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ বিএনপির ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সায়েদুল ইসলাম বাবু বলেন, সরকারি যানবাহন ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০১৩ সালে এহছানুল হক মিলনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কচুয়া থানায় মামলা হয়। মামলার তদন্ত শেষে মিলনসহ ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আসামিরা জামিন নেন। কিন্তু আজ ধার্য তারিখে কোনো আসামি হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম বলেন, এ মামলায় মিলন জামিনে থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ রয়েছেন। আজ আদালতে তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়েছিল।