সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ দুর্বৃত্তের হামলায় আহত

সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। আজ শনিবার রাতে ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের বিপরীত দিকের সড়কে এ হামলার ঘটনা ঘটেছে। তবে পুলিশ সাবেক এই প্রতিমন্ত্রীকে উদ্ধার করে তাঁর বাসায় পৌঁছে দেয়।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন এ কে এম মোশাররফ হোসেন। বহুজাতিক কোম্পানির একটি গাড়ি নেওয়ার পর সমালোচনার ঝড় উঠলে তিনি সরে দাঁড়ান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এ কে এম মোশাররফ হোসেন আজ রাত পৌনে নয়টার দিকে নান্দাইল শহরের মুক্তিযোদ্ধা সংসদের বিপরীত দিকের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। মোশাররফ তখন গাড়িতে বসা ছিলেন। পরে তিনি গাড়ি থেকে নেমে পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নিলে আশপাশের লোকজন তাঁকে রক্ষা করেন। গাড়ির ভাঙা কাচ বিদ্ধ হয়ে তিনি আহত হন। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোশাররফ হেসেনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক চিকিত্সা শেষে পুলিশি পাহারায় তাঁকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজী প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তদের হামলায় আহত সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনকে প্রাথমিক চিকিত্সা শেষে পুলিশি পাহারায় ময়মনসিংহে তাঁর বাসায় পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।