সাবেক প্রতিমন্ত্রী মোশাররফের সাজা কমেছে
একটি দুর্নীতি মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনকে নিম্ন আদালতের দেওয়া তিন বছরের কারাদণ্ডের পরিবর্তে এক বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
রায়ে ওই মামলায় তাঁর কারাগারে থাকার এক বছর সময়কে দণ্ডকালীন সময় বিবেচনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি আবু বকর সিদ্দিকীর একক বেঞ্চ এ রায় দেন।
মোশাররফের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মোহাম্মদ শাহ আলম এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল হাই।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, মোশাররফ হোসেন এক বছরের মতো কারাগারে ছিলেন। এটাকে দণ্ড হিসেবে বিবেচনা করে তাঁর করা আপিল খারিজ করেছেন আদালত। আদালত তাঁর তিন বছরের দণ্ডাদেশ সংশোধনের পাশাপাশি ছয় লাখ টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড বহাল রেখেছেন।
এ রায়ের কারণে মোশাররফ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এমন প্রশ্নে দুদকের কৌঁসুলি বলেন, এখানে আইনগত ব্যাখ্যার বিষয় রয়েছে।
অবশ্য শাহ আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্ট দণ্ডাদেশ সংশোধন করে তিন বছরের সাজা কমিয়ে এক বছর করেছেন। এই সাজা মোশাররফ আগেই ভোগ করেছেন। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।
আদালত সূত্র জানায়, ঢাকা জেলা দুর্নীতি দমন কর্মকর্তা এম এ মান্নান বাদী হয়ে ১৯৯১ সালের ২৯ জানুয়ারি মতিঝিল থানায় ওই মামলা করেন।