সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) সৌমেন্দ লাল চন্দ শৈলেনের স্ত্রী শান্তা চন্দের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুদকের উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন অভিযোগপত্র দেন।

দুদকের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. সালাম প্রথম আলোকে বলেন, মামলাটি বিচারের জন্য প্রস্তুত। মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচার্য। তাই মামলাটি বদলির জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

শাহজাহান মিয়া মহাজোট সরকারের ধর্ম প্রতিমন্ত্রী থাকাকালে সৌমেন্দ তাঁর এপিএস ছিলেন৷ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সৌমেন্দ লাল চন্দ ও তাঁর স্ত্রীকে আসামি করে রমনা থানায় দুদক মামলাটি করে। এজাহারে বলা হয়, দুদক সম্পদের হিসাব চেয়ে ২০১৪ সালের ৫ জুন নোটিশ দেয়। সম্পদ বিবরণীতে ১ কোটি ৫৫ লাখ সাত হাজার ২২০ টাকার বৈধ উৎস পাওয়া যায়নি। তদন্ত শেষে দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দেয় দুদক।