সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনির দণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনিকে বিচারিক আদালতের দেওয়া ১২ বছরের কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। ওসমান গনির আপিল খারিজ করে গতকাল মঙ্গলবার বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ২০০৮ সালে ঢাকার বিশেষ জজ আদালত-১০ ওসমান গনিকে ১২ বছরের কারাদণ্ডাদেশ দেন ও ১০ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওসমান গনি কারাগারে রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, বিচারিক আদালতের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ওসমান গনি। শুনানি শেষে ওসমান গনির আপিল খারিজ করে বিচারিক আদালতের দেওয়া কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
দুদকের করা মামলায় অভিযোগ করা হয়, ওসমান গনি ১ কোটি ২ লাখ ৫৩ হাজার ৫৮৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।