সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আর নেই

সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি (৭৪) শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওই তথ্যের সত্যতা নিশ্চিত করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মারা যান তিনি। আজ বুধবার রাতে তাঁর মরদেহ বাংলাদেশে এসে পৌঁছাবে। পরদিন বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর জানাজা হতে পারে।
বিচারপতি এম এম রুহুল আমিনের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাও।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের ১৬তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৮ সালের ১ জুন দায়িত্ব নেন বিচারপতি রুহুল আমিন। ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসরে যান তিনি। ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন রুহুল আমিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এমএ এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন তিনি। ১৯৮৪ সালে জেলা ও দায়রা জজ হন। ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন রুহুল আমিন। ২০০৩ সালের ১৩ জুলাই আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে রুহুল আমিন ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।