সাবেক প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধান বিচারপিত কামাল উদ্দিন হোসেন আর নেই। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি...রাজিউন) করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

প্রয়াত প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেনের পুত্রবধূ ফারমিন ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, অনেক দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা হবে। বাদ আসর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী গোরস্তানে তাঁকে দাফন করা হবে।

কামাল উদ্দিন হোসেন ১৯৬৮ সালে পাকিস্তান হাইকোর্টে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। পরের বছর তিনি পূর্ব পাকিস্তান হাইকোর্টে বিচারপতি হন। দেশ স্বাধীনের পর ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান। তিনি দেশের চতুর্থ প্রধান বিচারপতি হিসেবে ওই বছরের ১ ফেব্রুয়ারি নিয়োগ পান। ১৯৮২ সালের ১১ এপ্রিল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। ১৯৯৮ সালে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ২০০১ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।