সাবেক প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপতি কামাল উদ্দিন হোসেন
বিচারপতি কামাল উদ্দিন হোসেন

সাবেক প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেন আর নেই। গতকাল বুধবার ভোর পৌনে পাঁচটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং বাদ আসর গুলশান আযাদ মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।প্রয়াত কামাল উদ্দিন হোসেন স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেজো ছেলে ইশতিয়াক হোসেন প্রথম আলোকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আগামীকাল শুক্রবার বাদ মাগরিব গুলশান-২-এর ৭৪ নম্বর সড়কের ৭-বি নম্বর বাসায় মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।বিচারপতি কামাল উদ্দিন হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পৃথক বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আইনমন্ত্রী শফিক আহমেদ এবং আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, মাস্টারদা সূর্য সেন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, মহানগর সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার ও সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।বিচারপতি কামাল উদ্দিন হোসেন ১৯২৩ সালের ৩১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালে কলকাতা থেকে স্নাতক পাস করেন। বিচারপতি কামাল উদ্দিন হোসেন ১৯৭৮ সালের ১ ফেব্রুয়ারি থেকে ১৯৮২ সালের ১১ এপ্রিল পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন। এর আগে ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ও পরের বছর তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বেশ কয়েকজন বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, সম্পাদক মাহবুব উদ্দিন, সমিতির সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।