সাবেক প্রধান বিচারপতি মোস্তাফা কামাল আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক প্রধান বিচারপতি মোস্তাফা কামাল
সাবেক প্রধান বিচারপতি মোস্তাফা কামাল

মাসদার হোসেন মামলার রায় দিয়ে তিনি ইতিহাসের অংশ হয়েছেন। এ মামলার রায়ের পর বহুল আলোচিত বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়। আর যিনি এ রায় দেন, সেই সাবেক প্রধান বিচারপতি মোস্তাফা কামাল আর নেই। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর গুলশানে নিজের বাসায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
মোস্তফা কামালের ছোট ভাই সাহিত্য ও সংগীতব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী প্রথম আলোকে বলেন, দুই দফা জানাজা শেষে গতকাল সোমবার তাঁকে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবা কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহমদের কবরে দাফন করা হয়। এর আগে একটি জানাজা অনুষ্ঠিত হয় গুলশানের আজাদ মসজিদে। আরেকটি জানাজা অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে বিচারপতি, আইনজীবীসহ অসংখ্য মানুষ অংশ নেন।
মোস্তফা কামালের মৃত্যুতে তাঁর প্রতি সম্মান দেখিয়ে গতকাল উচ্চ আদালতে আধা বেলা বিচারকাজ চলে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াও শোক প্রকাশ করেছেন।
মোস্তফা কামাল তিন মেয়ে রেখে গেছেন। এক মেয়ে শিক্ষক ও সংগীতশিল্পী নাশিদ কামাল। অন্য দুজন হলেন নাজিফা মোনেম ও নাইলা ইসমাইল। তাঁর ভাই সাহিত্য ও সংগীতব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী ও বোন প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌসী রহমান।

মোস্তফা কামাল ১৯৩৫ সালে নীলফামারীর ডোমার উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৮ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মেধাতালিকায় সপ্তম স্থান অর্জন করে ম্যাট্রিকুলেশন (মাধ্যমিক) এবং ১৯৫০ সালে পঞ্চম স্থান অর্জন করে আইএ (উচ্চমাধ্যমিক) পাস করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ১৯৫৩ সালে বিএ (সম্মান) ও ১৯৫৪ সালে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। এরপর সরকারের মেধাবৃত্তি নিয়ে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে উচ্চতর ডিগ্রি নেন। তিনি বার অ্যাট ল শেষ করে আইন পেশায় যুক্ত হন। ১৯৭৭ সালে তিনি দেশের অ্যাডভোকেট জেনারেল হন। এরপর ১৯৭৯ সালে হাইকোর্টে বিচারপতি হন। ১৯৮৯ সালে আপিল বিভাগের বিচারপতি হন। প্রধান বিচাপতি হন ১৯৯৯ সালের জুনে। অবসরে যান২০০০ সালের ১ জানুয়ারি। তিনি আইন কমিশনের চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন। বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিয়েছেন, লিখেছেন কয়েকটি বই। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে প্রবন্ধ সংকলন আমার কিছু বলা।