সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের দাফন সম্পন্ন হয়েছে। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর জানাজা শেষে গতকাল বৃহস্পতিবার বাদ জোহর উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে ১৭ জানুয়ারি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন রুহুল আমিন (৭৪)।
গতকাল বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন ও মো. মোজাম্মেল হোসেন, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা অংশ নেন। বিচারপতি রুহুল আমিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানাজার পর আর বিচারকাজ হয়নি। বিকেলে রুহুল আমিনের বড় ছেলে রশিদ আহমেদ প্রথম আলোকে বলেন, বাদ জোহর উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁর (বিচারপতি রুহুল আমিন) দাফন সম্পন্ন হয়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের ১৬তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৮ সালের ১ জুন দায়িত্ব নেন বিচারপতি রুহুল আমিন। ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসরে যান তিনি।