সাবেক প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
গত বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র কারসাজির অভিযোগে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবের দায়িত্ব পালনকারী মোহন লাল বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বর্তমানে তিনি হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত। ২০ জানুয়ারি শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে সাময়িক বরখাস্তের এ আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে মোহন লাল বিশ্বাসের বিরুদ্ধে আনা অভিযোগগুলো হচ্ছে, চট্টগ্রামের চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৩ সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রথম পত্রের একটি লিখিত উত্তরপত্র বোর্ডে না পাঠানো, বাংলা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক উত্তরপত্র পরিবর্তনের চেষ্টা করা, গণিত বিষয়ে লিখিত উত্তরপত্র ডাস্টবিন থেকে উদ্ধার করা, বাংলা প্রথম পত্রের একটি লিখিত উত্তরপত্র কুড়িয়ে পাওয়া এবং তা চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যানের কাছে ডাকযোগে পাঠানো ইত্যাদি।
চট্টগ্রাম বোর্ড সূত্রে জানা যায়, মোহন লাল বিশ্বাসের বিরুদ্ধে আনা এসব অভিযোগ তদন্তে বোর্ড একটি কমিটি গঠন করে। কমিটি অভিযোগের সত্যতা নিশ্চিত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করে। তারই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম বোর্ডের উপসচিব এবং ওই তদন্ত কমিটির প্রধান মাহবুব হাসান বলেন, ‘আমরা সরেজমিনে তদন্ত করে মোহন লাল বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রমাণ পেয়েছি। আমাদের সেই প্রতিবেদনের আলোকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে লিখিতভাবে সুপারিশ করেছি।’