সাবেক ফুটবল তারকা এমেকা ও কায়সার হামিদ আটক
নাইজেরিয়ান সাবেক ফুটবল তারকা এমেকা ইজিওগোর ও বাংলাদেশি সাবেক ফুটবল তারকা কায়সার হামিদকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে গুলশান থানার পুলিশ তাঁদের আটক করে।গুলশান থানার ওসি শাহ আলম প্রথম আলোকে বলেন, সাবেক ফুটবল তারকা এমেকা গুলশানের ওয়েস্টিন হোটেলে প্রবেশের সময় স্ক্যানিংয়ে তাঁর সঙ্গে থাকা একটি রিভলবার ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে এমেকা বলেন, রিভলবারটি ফুটবল তারকা কায়সার হামিদের।এরপর এমেকাকে গুলশান থানায় নেওয়া হয়। সেখানে কায়সার হামিদকেও ডেকে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদে কায়সার হামিদ ওই রিভলবারটি তাঁর নিজের বলে দাবি করেন। এ-সংক্রান্ত বৈধ কাগজপত্র পুলিশকে দেখান তিনি। তবে কেন ওই অস্ত্র একজন বিদেশিকে দিয়েছিলেন—এমন প্রশ্নের কোনো জবাব দেননি কায়সার হামিদ।ওসি বলেন, অন্যের কাছে কারও অস্ত্র অবৈধভাবে হস্তান্তর বেআইনি। এ বিষয়ে বিস্তারিত জানতে এমেকা ও কায়সার হামিদকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।