আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সম্পদের বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি ২৫ জুলাই রিটটি করেছিলেন। রিটের ওপর শুনানি গ্রহণের পর গতকাল রোববার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিষয়টি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দেন।দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, রিট খারিজের ফলে এখন দুদকের দেওয়া নোটিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই। সম্পদ বিবরণী চেয়ে গত ১৮ জুলাই দুদক বিচারপতি মো. জয়নুল আবেদীনকে নোটিশ দিয়েছিল বলে তিনি জানান। রিট দায়েরকারীর আইনজীবী আহসানুল করিম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনাকে দুদক সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেয়। ওই নোটিশ দেওয়ার প্রক্রিয়া আইনানুগ হয়েছে বলে আপিল বিভাগের সিদ্ধান্ত রয়েছে। আপিল বিভাগের সিদ্ধান্ত হাইকোর্টের জন্য মানা বাধ্যকর। এ যুক্তিতে আদালত রিটটি উপস্থাপন করা হয়নি বিবেচনায় খারিজ করে দেন।আদালতে সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও রিট আবেদনকারী পক্ষে আহসানুল করিম মামলা পরিচালনা করেন।