সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া হাইকোর্টের বেঞ্চ অফিসার এহতেশামুল হক ও প্রদীপ কুমার দাস এবং ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের নোটিশ জারিকারক অজিউল্লারও হিসাব চেয়েছে দুদক। নোটিশ হাতে পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে দুদক কার্যালয়ে সম্পদের হিসাব জমা দিতে হবে। গতকাল মঙ্গলবার অফিসার এহতেশাম, প্রদীপ ও অজিউল্লার বাসার ঠিকানায় আলাদাভাবে নোটিশ পাঠানো হয়।এর আগে গত রোববার সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের ঢাকা ও চুয়াডাঙ্গার বাসভবনের ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়। আর বাকি তিনজনকে নোটিশ পাঠানো হয় গত সোমবার। সাবেক বিচারপতিসহ চার ব্যক্তিকে দুদকের নোটিশ পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান।জানা গেছে, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এই বিচারপতি ও তাঁর স্ত্রী হাসিনা আবেদীনের ব্যাংক হিসাব সম্পর্কে তথ্য জানার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়েছে। এতে সব ধরনের লেনদেনের তথ্যসহ যাবতীয় তথ্য চাওয়া হয়।দুদক সূত্র জানায়, জয়নুল আবেদীনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের প্রাথমিক তদন্তে আয়ের সঙ্গে অর্জিত সম্পদ সামঞ্জস্যপূর্ণ নয় বলে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আর দুই বেঞ্চ অফিসার ও নোটিশ জারিকারকের আয়ের সঙ্গে অর্জিত সম্পদ সংগতিপূর্ণ নয় বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। সূত্র জানায়, আরও ছয়-সাতজন বেঞ্চ অফিসারের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।গোলাম রহমান বলেন, সাবেক বিচারপতির দাখিল করা হিসাবের সঙ্গে প্রকৃত সম্পদের হিসাব যাচাই করে দেখা হবে। তিনি জানান, দুদক এই প্রথম কোনো সাবেক বিচারপতির সম্পদের হিসাব চাইল।