সাবেক বিচারিক হাকিম কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় সাবেক এক বিচারিক হাকিমকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর নাম শেখ ওমর শরীফ আল মারুফ রাসেল (৩৫)।
গতকাল রোববার বিকেলে প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস জামিন আবেদনের আংশিক শুনানি শেষে এ আদেশ দেন। আজ সোমবার ফের শুনানির দিন ধার্য রয়েছে। শুনানি শেষে বিচারক জামিনের বিষয়ে আদেশ দেবেন।
প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট অশোক কুমার দাশ প্রথম আলোকে বলেন, নগরের খুলশী থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চার বছর পর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সাবেক বিচারিক হাকিম শেখ ওমর শরীফ আল মারুফ রাসেল। রাষ্ট্রপক্ষ থেকে দাবি করা হয়, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের অন্যতম সমন্বয়ক। যা পুলিশের দেওয়া অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, ঘটনার পর দেশের সব বিমানবন্দরে সতর্কবার্তা জারি করে পুলিশ। তাঁর ব্যাংক হিসাব জব্দ করা হয় আদালতের নির্দেশে। ২০০৮ সালে বিচারিক হাকিম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে এ পথে জড়িয়ে পড়েন আসামি। তাই জামিনের বিরোধিতা করে তাঁকে কারাগারে পাঠানোর আবেদন জানানো হয়। আংশিক শুনানি শেষে বিচারক সোমবার শুনানির দিন ধার্য রাখেন। আসামির পাসপোর্ট আদালতে উপস্থাপনের নির্দেশ দেন।
এদিকে দীর্ঘক্ষণ শুনানিকালে আসামির আইনজীবী মানস পাল নির্দোষ দাবি করে জামিনের আবেদন করেন। শুনানিকালে আসামি নিজেও হিযবুত তাহ্রীরের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
২০১০ সালের ১৬ মে খুলশী জাকির হোসেন রোড এলাকায় হিযবুত তাহ্রীরের প্রচারপত্রসহ তন্ময় নামের এক যুবককে আটক করে খুলশী থানা-পুলিশ। তিনি পুলিশের কাছে স্বীকার করেন ওমর শরীফের কাছ থেকে প্রচারপত্রগুলো নিয়েছেন বিলির জন্য।