সাবেক বিচারিক হাকিমের জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় সাবেক এক বিচারিক হাকিমকে জামিন দেওয়ার দুই দিনের মাথায় তা স্থগিত করা হয়েছে। সাবেক এই বিচারকের নাম শেখ ওমর শরীফ আল মারুফ রাসেল (৩৫)।

একই সঙ্গে রাষ্ট্রপক্ষ থেকে করা জামিন বাতিলের আবেদনের ওপর আগামীকাল বৃহস্পতিবার শুনানি হবে।

আজ বুধবার বিকেলে প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৬ মে নগরের খুলশী জাকির হোসেন রোড এলাকায় হিযবুত তাহরীরের প্রচারপত্রসহ তন্ময় নামের এক যুবককে আটক করে খুলশী থানা পুলিশ। তিনি পুলিশকে বলেন, ওমর শরীফের কাছ থেকে প্রচারপত্রগুলো বিলির জন্য তিনি নিয়েছেন। পরে পুলিশ ওমর শরীফের বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন। মামলায় বর্তমানে দুজনের সাক্ষ্য নিয়েছেন আদালত।

চার বছর পলাতক থাকার পর গত রোববার আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন ওমর শরীফ। শুনানি শেষে পরদিন তাঁর পাসপোর্ট জমা রেখে শর্ত সাপেক্ষে এক সপ্তাহের জামিনের আদেশ দেন আদালত।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সাবেক বিচারিক হাকিম শেখ ওমর শরীফ আল মারুফ রাসেল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের অন্যতম সমন্বয়ক। তিনি জামিনে মুক্তি পেলে দেশে জঙ্গিবাদ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এ ছাড়া তিনি পালিয়ে যেতে পারেন। গোপনে হিযবুত তাহরীরকে সংগঠিত করে দেশে নাশকতা সৃষ্টি করতে পারেন। এসব বিষয় উল্লেখ করে তাঁর জামিন স্থগিত এবং বাতিলের আবেদন করা হয়।

আসামি বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।