সোনালী ব্যাংক ফেনীর মহিপাল শাখায় সাত কোটি টাকা লোপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই শাখার সাবেক ব্যবস্থাপক, কথিত ঋণগ্রহীতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে ব্যাংকের মহিপাল শাখার ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন মজুমদার বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সোনালী ব্যাংক ফেনীর মহিপাল শাখার ব্যবস্থাপক মো. আবুল কাশেম দায়িত্বরত থাকাকালীন নামে-বেনামে ও ভুয়া প্রতিষ্ঠানকে এসএমই খাতে প্রয়োজনীয় কাগজপত্র ও ঋণের শর্ত পূরণ ছাড়াই বিপুল পরিমাণ ঋণ দেন।
২৩টি সম্পূর্ণ ভুয়া প্রতিষ্ঠান ও ভুয়া নামে চার লাখ টাকা করে ৯২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ২৩টি ঋণের সুদসহ বর্তমানে অনাদায়ি ৯৮ লাখ ৬৫ হাজার ৭৮২ টাকা। এ ছাড়া কোনো ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা কোনো বিধিবিধান না মেনে ৪৪ জনকে চার লাখ টাকা করে এসএমই ঋণ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ক্ষুদ্র ব্যবসায় ঋণ তিন লাখ টাকার পরিবর্তে ক্ষমতার অপব্যবহার করে চার লাখ টাকা করে তিনটি ঋণ দেওয়া হয়েছে। একই ব্যক্তির নামে একাধিক ঋণ দেওয়া হয়েছে—এ রকম ৬৫টি ঋণের বিপরীতে তিন কোটি এক লাখ টাকা দেওয়া হয়। একই ব্যক্তির নামে একাধিক ঋণের জামিনদার করা হয়েছে। এ রকম ৫৩টি ঋণের বিপরীতে সব ধরনের ব্যাংকিং রীতিনীতি উপেক্ষা করে দুই কোটি ২৭ লাখ টাকা দেওয়া হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন বলেন, অভিযোগপত্রটি সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ডভুক্ত করা হয়েছে। তদন্ত করার জন্য দুর্নীতি দমন ব্যুরোর নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।