সাবেক ব্যাংক কর্মকর্তা ও তাঁর স্ত্রীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ছয় কোটি টাকা আত্মসাতের মামলায় বেসরকারি ব্যাংক এবি ব্যাংকের সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শাহনাজ পারভিন ও জামাল আবদুর নাসের নামের দুজনকে।

আজ মঙ্গলবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জালালউদ্দিন আহমেদ এই দণ্ড দেন। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পেশকার ইমরুল ইসলাম।

দণ্ডাদেশ পাওয়া ওই দুই আসামি হলেন শিবলি সাদিক চৌধুরী ও কামরুননেসা চৌধুরী। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এ দুজনকে ৬ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ২৯৭ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এবি ব্যাংক প্রগতি সরণি শাখায় এই টাকা জমা দিতে বলা হয়েছে। জরিমানার এই অর্থ আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে আদায় করা যাবে।

ভাটারা থানায় করা ওই মামলার বিবরণ অনুযায়ী, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত আসামি শিবলি সাদিক চৌধুরী এবি ব্যাংকের প্রগতি সরণি শাখার ১৭ জন গ্রাহকের হিসাব জালিয়াতির মাধ্যমে ভুয়া ঋণ সৃষ্টি করে ৫ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ১৪৪ টাকা উত্তোলন করেন এবং তিনি ও তাঁর স্ত্রী তা আত্মসাৎ করেন। এ ঘটনায় ওই ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাদী হয়ে ভাটারা থানায় ২০১২ সালের ৯ আগস্ট চারজনকে আসামি করে এই মামলা করেন। পরে ২০১৩ সালের ২৯ আগস্ট ওই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৪ সালের ২৬ মে তাঁদের বিরুদ্ধে বিচার শুরু হয়। মামলার বিচার কার্যক্রম শেষে আজ এই রায় ঘোষণা করেন আদালত।