সাবেক ব্যাংকারসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বিকেলে দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এম এইচ রহমতউল্লাহ বাদী হয়ে বায়েজিদ থানায় এ মামলা করেন।

মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন রূপালী ব্যাংকের চট্টগ্রাম সেনানিবাস শাখার (বর্তমানে বিবিরহাট করপোরেট শাখার সঙ্গে একীভূত) সাবেক ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন ও ব্যবসায়ী সামছুল আলম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯৯৩ সালের ৩০ ডিসেম্বর থেকে ১৯৯৪ সালের ৩ মে পর্যন্ত বিনা আবেদনে, বিনা জামানতে, অবৈধ ওভারড্রাফটের মাধ্যমে রূপালী ব্যাংক থেকে মেসার্স সামছুল আলম নামের একটি প্রতিষ্ঠানকে ২ কোটি ২১ লাখ টাকা ঋণ দেওয়া হয়। এ কাজে শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন সহযোগিতা করেন। ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের কর্ণধার সামছুল আলম কিছু টাকা পরিশোধ করলেও শেষ পর্যন্ত ১ কোটি ১৫ লাখ ৭৯ হাজার ৬১৮ টাকা পরিশোধ করেননি। পরস্পর যোগসাজশে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করে এই টাকা তাঁরা আত্মসাৎ করেছেন।

মামলার বাদী দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এম এইচ রহমতউল্লাহ জানান, এখন মামলাটির বিষয়ে তদন্ত শুরু করা হবে।