সাবেক ভাইস চেয়ারম্যান রিমান্ডে
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় গ্রেপ্তার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব ওরফে মাসুদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার বিকেলে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ময়নুল হাসান ইউসুফ এই রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শনিবার রাতে সুন্দরগঞ্জ বাজার এলাকার বাড়ি থেকে আহসান হাবিবকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় একাধিক সূত্রের ভাষ্য, আহসান হাবিব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কমিটিতে আহসান হাবিবের কোনো পদ নেই।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, সাংসদ মনজুরুল ইসলাম হত্যায় গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্টতা আছে কি না, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আহসান হাবিবের সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িত কি না তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।
আজ বিকেল চারটার দিকে আহসান হাবিবের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে তাঁর বড়ভাই গোলাম মর্তুজা বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে সাংসদ মনজুরুলের কোনো বিরোধ ছিল না। তাঁকে ষড়যন্ত্রমূলক ভাবে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।’ তিনি অভিযোগ করেন, গত শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের কথা বলে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। তবে পরিবারের এই অভিযোগ সুন্দরগঞ্জ থানার ওসি অস্বীকার করেছেন।
এদিকে সাংসদ মনজুরুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আজ বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বামনডাঙা বাজার এলাকার গাইবান্ধা-বামনডাঙা-রংপুর সড়কের প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কে আয়োজিত মানববন্ধনে আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও এলাকাবাসী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাংসদ মনজুরুল নিহত হন। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।