২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কমিশনার এস এম মিজানুর রহমানকে গতকাল সোমবার জেরা করেছে আসামিপক্ষ। জেরার জবাবে তিনি জানান, এ ঘটনায় জঙ্গিনেতা মুফতি হান্নান জবানবন্দি দিয়েছেন কি না, তা তাঁর জানা নেই।জেরা শেষ না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন ৯ ও ১০ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। মিজানুর রহমান গত ৬ আগস্ট এ মামলায় সাক্ষ্য দেন। তাঁকে আসামি পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা ও শহুদুল হকের আইনজীবী টি এম আকবর জেরা করেন।আইনজীবী জানতে চান, আওয়ামী লীগের ওই সমাবেশ মুক্তাঙ্গনে পূর্বনির্ধারিত ছিল। পরে তা পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউতে করার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে মতিঝিল থানায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুর ইসলাম ও উপপরিদর্শক হারুন-অর রশিদ দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তা জানেন কি না?জবাবে মিজানুর রহমান বলেন, ‘আমার জানা নেই।’ ওই দুটি জিডি আদালতে উপস্থাপন করার জন্য আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। তাঁরা বলেন, ওই জিডির ওপর তাঁরা জেরা করতে চান। তবে এ বিষয়ে গতকাল কোনো আদেশ হয়নি।এ ছাড়া তারেক রহমানসহ সাত আসামির পক্ষে মিজানুর রহমানকে জেরা করতে অস্বীকৃতি (ডিক্লাইন) জানান আইনজীবীরা।