সাবেক মন্ত্রী আলতাফ চৌধুরীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরীসহ ২১ জনের বিরুদ্ধে গত বুধবার রাতে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলায় আলতাফ চৌধুরীকে হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে।
আলতাফ চৌধুরী ছাড়াও তাঁর দুই ভাই বাবুল চৌধুরী ও শাহীন চৌধুরীকেও এই মামলায় আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেন মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কিরণ চন্দ্র সরকার। তাঁর এই মামলায় আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিহিংসাবশত ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি রাত আটটার দিকে আসামিরা আওয়ামী লীগ-সমর্থক সন্তোষপুর গ্রামে কাজী রফিকুল ইসলামের ঘরে প্রবেশ করে মালামাল ভাঙচুর ও লুটপাট করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। এ সময় কাজী মিজান নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাড়ির পাশে ধানখেতে ফেলে রাখেন। তাঁর ডাকচিৎকার বাদীসহ অপর দুজন উদ্ধার করতে গেলে আসামিরা তাঁদেরও মারধর করে জখম করেন। এ সময় এলাকার লোকজন উদ্ধার করতে গেলে আসামিরা তাঁদের ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিলে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনার পর থেকে আসামিদের ভয়ে বিভিন্ন স্থানে পালিয়ে থাকার পর কয়েক দিন আগে এলাকায় এসে তিনি এ মামলা দায়ের করেন। এ কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলে মামলায় তিনি উল্লেখ করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আলতাফ চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। তবে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন মৃধা বলেন, ‘আসলে ২০০১ সালের নির্বাচন-পরবর্তী ওই এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। মামলার বাদী কিরণ ওই সময়ে বিএনপির সহিংসতার শিকার হয়েছেন।’