আওয়ামী লীগের নেতা ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান আজিজুল হকসহ নয়জন একটি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। গতকাল সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ বিচারক এ এন এম বশির উল্লাহ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। মামলায় অব্যাহতি পাওয়া অন্য ব্যক্তিরা হলেন রাজউকের কর্মকর্তা খান মো. বেলায়েত হোসেন, মমতাজ উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, আবদুল আওয়াল চৌধুরী, নজরুল ইসলাম, ফারুক আহমেদ ও হুমায়ন খান।দুদকের সহকারী কমিশনার আমিরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেন এবং আসামিদের অব্যাহতি দেওয়ার আবেদন করেন।চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, ঢাকায় ন্যাম সম্মেলনের জন্য আমন্ত্রিত বিদেশি অতিথিদের আবাসনের ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে বনানী ও গুলশান এলাকায় ফ্ল্যাট নির্মাণ করা হয়। ২০০০-০১ সালে সাবেক মন্ত্রী ও রাজউকের কর্মকর্তারা আইন ভঙ্গ করে নিজেদের পছন্দের লোকদের ফ্ল্যাট বরাদ্দ দেন। এ অভিযোগে ২০০২ সালে তত্কালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা গোলাম শাহরিয়ার মতিঝিল থানায় দণ্ডবিধির ৪২০ ও ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ মামলা করেন। দুদক তদন্ত করে ন্যাম ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আইন ভঙ্গের কোনো সত্যতা না পেয়ে মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়।