সাবেক মন্ত্রী রাজিয়া ফয়েজের ইন্তেকাল
সাবেক মন্ত্রী সৈয়দা রাজিয়া ফয়েজ (৭৮) গত শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কাল সোমবার বাদ মাগরিব তাঁর গুলশানের বাসভবনে কুলখানির আয়োজন করা হবে।
কলকাতা সিটি করপোরেশনের সাবেক মেয়র সৈয়দ বদরুদ্দোজার মেয়ে সৈয়দা রাজিয়া ফয়েজ ১৯৭৯ সালে সরাসরি নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। ১৯৮৯ সালে তিনি মহিলা ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারপারসন ছিলেন। ন্যাশনাল উইমেন্স ফাউন্ডেশনসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় পদে তিনি দায়িত্ব পালন করেন।
সৈয়দা রাজিয়া ফয়েজের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।