সাবেক মন্ত্রী শেখ আবদুল আজিজের শারীরিক অবস্থার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী শেখ আবদুল আজিজের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতকাল বুধবার রাতে জেড এইচ শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল এ কথা জানায়। ২ আগস্ট তিনি এই হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক হারুন-অর-রশীদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার রাতে শেখ আবদুল আজিজের শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। এ জন্য কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে হয়। তবে আজ (বুধবার) তাঁর অবস্থা কিছুটা ভালো। তিনি এখন নিজেই অল্প অল্প শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন।’ গত মঙ্গলবার রাতে বাগেরহাটের মোরেলগঞ্জে মাইকে শেখ আবদুল আজিজের মৃত্যুসংবাদ প্রচার করা হয়। এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ বাগেরহাট জেলা শাখার উপদপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রথম আলোও তাঁর মৃত্যুর খবর প্রচার করে। এই ভুলের জন্য প্রথম আলো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। উল্লেখ্য, শেখ আবদুল আজিজ ১৯১৯ সালে বাগেরহাটের মোরেলগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্টের মনোনয়নে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭০ ও ৭৩ সালে বাগেরহাট-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।